ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

‘আমাকে মেরে ফেলবে’ বলতেন সুমন, পরে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
‘আমাকে মেরে ফেলবে’ বলতেন সুমন, পরে মিলল মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এসআই মিঠুন মন্ডল আরও জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় বোন সালমা আক্তার জানান, সন্ধ্যায় পথচারীরা ফোন করে তাদের জানান, কে বা কারা তার ভাইকে হত্যা করে ফেলে রেখে গেছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুমনের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি দেখতে পান।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে সুমন বেশ চুপচাপ থাকতেন। তার মনে কোনো দুশ্চিন্তা ছিল কি না, তা তারা বুঝতে পারেননি। তবে মাঝেমধ্যে তিনি বলতেন, ‘আমাকে মেরে ফেলবে।’

নিহত সুমন মাদারীপুরের কালকিনি থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদসংলগ্ন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!