ডাক বিভাগের ১৪ কেন্দ্রে বিদ্যুৎ বিল সাশ্রয় প্রায় ৬২ শতাংশ
সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে কেন্দ্রগুলোতে এ সাশ্রয় হয়েছে। নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিং পদ্ধতিতে এই সুবিধা পেয়েছে কেন্দ্রগুলো।
ডাক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। তবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর সমন্বয় করে প্রকৃত বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। এতে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৪টি কেন্দ্রের সৌর প্যানেল থেকে এ সময়ে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবহারকারী কেন্দ্রগুলো হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ মেইল প্রসেসিং সেন্টার।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় নয়, এটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার আওতায় আনা সম্ভব।
তিনি বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা দেখিয়েছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার পরিবেশ সুরক্ষার পাশাপাশি সরকারি অর্থ সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখতে পারে। একটি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারে—এ অভিজ্ঞতা অন্য সরকারি দপ্তরগুলোর জন্যও অনুসরণযোগ্য।
ডাক অধিদপ্তর জানায়, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের জাতীয় গ্রিড থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নেওয়ার প্রয়োজন হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুতের হিসাব সমন্বয় করা হয়েছে। এতে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিটে।
মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রগুলো চালু করা হয়। অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব কেন্দ্রে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টি ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে গেলে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। এরপরও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি আরও বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই সাশ্রয়ের পরিমাণ আরও বাড়ানো সম্ভব।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়। পাশাপাশি নেট মিটারিং পদ্ধতিতে বিদ্যুতের হিসাব রাখা এবং জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণেও সময় লাগে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।
মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। এখন সেই প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।
পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।