ইরানে নতুন হামলার চাপ, ওয়াশিংটনে ইসরায়েলি গোয়েন্দাপ্রধান
ইরানে আবারও সামরিক হামলা শুরুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে পৌঁছান তিনি।
ট্রাম্প প্রশাসনের তিনটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সূত্রগুলো জানিয়েছে, সফরে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন গফম্যান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত গফম্যানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবারও শুরুর জন্য ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু।
ওয়াশিংটনে পৌঁছে ইতোমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন গফম্যান। ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, র্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করতে মিয়ামি যাবেন তিনি।
তবে গফম্যানের এই সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরানে আবারও হামলা শুরুর জন্য একাধিকবার ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সর্বশেষ ৫ নভেম্বর এক ফোনালাপে দুই নেতা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমন্বয় করে নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিও খতিয়ে দেখছেন তিনি।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই এটি (ইরানের সামরিক সক্ষমতা) শেষ করে দিতে পারি। তবে যাদের সুরক্ষার কথা আমি ভাবছি, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ প্রক্রিয়ায়, আরও সংযতভাবে এগোচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, পরিস্থিতি আপাতত যেমন আছে তেমনই রাখতে। কারণ, ইরান ভেতর থেকে ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন—সবাই চায় এই অপেক্ষার সময়টুকু বজায় থাকুক।’
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও গফম্যানের সফরকে ঘিরে আলোচনায় এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। তবে তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।
ইসরায়েলের বিরোধী দলগুলোর আশঙ্কা, আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ করতে নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন অথবা ইরানকে ইসরায়েলের ওপর হামলা চালাতে উসকে দিতে পারেন। কারণ, আইজেনকোট সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হতে পারে।
বৃহস্পতিবার নেতানিয়াহু আইজেনকোটের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেন। এ সময় তাকে ইরানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন নেতানিয়াহু।
আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।
শুক্রবার এক বিবৃতিতে আইজেনকোট জানান, চলতি সপ্তাহে নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সরকার পরিবর্তনের অন্তর্বর্তী সময়ে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের ওপর নজরদারির কোনো ঘাটতি হতে দেবেন না বলেও জানিয়েছেন।
বিবৃতিতে আইজেনকোট বলেন, ‘আমার কাছে ইসরায়েলের নিরাপত্তাই সবার আগে—অন্য যেকোনো বিবেচনার ঊর্ধ্বে। একে কখনোই রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। দায়িত্বশীল পদে থাকা সবার কাছে আমি এমনটাই প্রত্যাশা করি।’
সূত্র: অ্যাক্সিওস