ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৬, ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী । ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, দলটির এ ধরনের কার্যক্রম মূলত রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। এর মধ্য দিয়ে বোঝা যায়, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন কেবল গোপালগঞ্জেই কার্যক্রম চালাতে পারবে। দলটি তাদের রাজনৈতিক অবস্থান হারিয়েছে। জুলাইকে অস্বীকার করে ভবিষ্যতে রাজনীতি করার আর কোনো সুযোগ তাদের সামনে নেই।

গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে প্রচার চালানো হয়েছিল, তা ছিল রাজনৈতিক ব্লাফ। নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় ওই ইস্যু থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন।

তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার মতো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!