নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবল সংকটে এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বর্তমানে ভবনটির প্রায় ৫০ শতাংশ কার্যক্রম চালু রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ হলে দ্রুত নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চালু রয়েছে সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রে সেবা। পাশাপাশি সীমিত পরিসরে শুরু হয়েছে ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী সেবা ও একাডেমিক কার্যক্রম।
তবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের অভাবে পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি। নতুন ভবনে রয়েছে ৫০০ শয্যা, ৪০টি আইসিইউ বেড, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) বেড, ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম।
দেশের অন্যতম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন। স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া ও মৃগীসহ বিভিন্ন জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় এখানে।
কিন্তু শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, ‘আমাদের জনবলের ঘাটতি আছে। তবে খুব শিগগিরই লোকবল নিয়োগ করা হবে। তখন হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা মিলবে।’
চলতি বছরের ১৫ আগস্ট নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট ভবনটি স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের জন্য অনুমোদিত পদ রয়েছে ৬৪৯টি। এর বিপরীতে কর্মরত আছেন ২৮৮ জন। শূন্য রয়েছে ৩৬১টি পদ। অর্থাৎ চিকিৎসকদের অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি এখনো খালি।
অন্যদিকে, নার্সিং বিভাগে অনুমোদিত ৮৬৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ খালি রয়েছে। নতুন ৫০০ শয্যার ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও ৮০০ থেকে ১ হাজার চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী প্রয়োজন।
হাসপাতালের ২০২৫-২৬ অর্থবছরের রোগীদের সেবা গ্রহণসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ওই অর্থবছরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ২৯৩ জন।
২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করে সক্ষমতা বাড়ানো হয়। গত এক দশকে স্নায়ুরোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় হাসপাতালটির সক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে নতুন ৫০০ শয্যার ভবন। এটি পুরোপুরি চালু হলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা দাঁড়াবে এক হাজারে।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করাতে এ হাসপাতালে এসেছেন রাশিদুল ইসলাম। তাকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছে। হাসপাতালের বহির্বিভাগের সামনে কথা হয় তার ভাই রবিউল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, ‘বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। নোয়াখালীর চিকিৎসকরা দ্রুত অপারেশন করাতে বলেছেন। কিন্তু এখানে বেড ফাঁকা পাচ্ছি না, তাই ভর্তি করানো যাচ্ছে না।’ এ কারণে চার দিন ধরে হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন বলেও জানান তিনি।
হাসপাতালের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ মোট অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ৭২৮টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৬১৯ জন।
পদভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অধ্যাপক পদে অনুমোদিত ২৭টির মধ্যে কর্মরত রয়েছেন ৮ জন। শূন্য রয়েছে ১৯টি পদ। সহযোগী অধ্যাপকের ৪৫টি পদের মধ্যে কর্মরত ১৬ জন, শূন্য ২৯টি। সহকারী অধ্যাপকের ৮৬টি পদের মধ্যে কর্মরত ২৩ জন এবং শূন্য রয়েছে ৬৩টি পদ।
এ ছাড়া সিনিয়র কনসালটেন্টের ৮টি পদের মধ্যে ৬টি এবং জুনিয়র কনসালটেন্টের ২৫টি পদের মধ্যে ১৩টি শূন্য রয়েছে। ইনডোর মেডিক্যাল অফিসারের ১৫১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ১১১টি।
সেবা বিভাগের জনবল চিত্রেও রয়েছে ঘাটতি। উপ-সেবা তত্ত্বাবধায়কের তিনটি পদের সব কটিই শূন্য। নার্সিং সুপারভাইজারের ২০টি পদের মধ্যে ১৩টি খালি। সিনিয়র স্টাফ নার্সের ৮৪০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৬৯ জন। শূন্য রয়েছে ১৭১টি পদ।
এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগযোগ্য ১ হাজার ২১৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ৬৫৬ জন। শূন্য রয়েছে আরও ৫৫৯টি পদ।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, জনবল নিয়োগের প্রক্রিয়া এতদিনে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি চাকরির নিয়োগসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের কারণে নিয়োগ কার্যক্রমে দেরি হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নিয়োগের নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
পরিচালক আরও জানান, একই সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কাজও চলছে। দ্রুত নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন ভবন চালু হলে রোগীরা সব ধরনের চিকিৎসাসেবার সুফল পাবেন বলেও জানান তিনি।
সুত্র : বাসস