ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯, ১৬ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া শতাধিক প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। জাতীয় জাদুঘরের সামনে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান নেওয়া প্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

সোমবার সকাল ৬টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান করতে দেখা যায়। পরে সকাল ১০টা থেকে তারা পুনরায় কর্মসূচি শুরু করেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সুপারিশবঞ্চিত প্রার্থীরা অংশ নেন।

আন্দোলনের সংগঠক তানজিয়া দিলশা জানান, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে একটি সিদ্ধান্তে পৌঁছাতে চান। দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে রোববারও শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়।

তানজিয়া দিলশা বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আন্দোলনকারীদের জানিয়েছেন, তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ও সচিবের বক্তব্যের মধ্যে তারা মিল খুঁজে পাননি। আশ্বাসের ভিত্তিতে আগেও আন্দোলন প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেসব আশ্বাস বাস্তবায়িত হয়নি।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে সুপারিশবঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা নিতে হবে।

এ ছাড়া সনদের মেয়াদ ও বয়সসীমা বহাল থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের ভাষ্য, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগবঞ্চিত হয়েছেন। এ অবস্থায় দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!