হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলো চার নতুন ফিচার
হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহার আরও সহজ ও গোছানো করতে চারটি নতুন ফিচার যুক্ত করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ স্থায়ীভাবে পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে পুরোনো চ্যাট শেয়ার, নিজের মেনশন করা মেসেজ আলাদা করে দেখা এবং নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য স্ট্যাটাস দেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন অসংখ্য মেসেজ জমা হওয়ায় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে অনেক সময় পুরো চ্যাট স্ক্রল করতে হয়। আবার নতুন কেউ গ্রুপে যুক্ত হলে আগের আলোচনা সম্পর্কে তার ধারণা থাকে না। এসব সমস্যা কমাতেই নতুন ফিচারগুলো চালু করা হয়েছে।
গুরুত্বপূর্ণ মেসেজ স্থায়ীভাবে পিন করার সুবিধা
হোয়াটসঅ্যাপ গ্রুপে গুরুত্বপূর্ণ মেসেজ পিন করার সুবিধা আগে থেকেই রয়েছে। তবে এত দিন পিন করা মেসেজের জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন কিংবা ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করতে হতো।
নতুন সুবিধায় গুরুত্বপূর্ণ মেসেজ স্থায়ীভাবেও পিন করে রাখা যাবে। ফলে গ্রুপের নিয়মকানুন, জরুরি ঘোষণা কিংবা প্রয়োজনীয় তথ্য বারবার খুঁজতে হবে না। চ্যাটের ওপরের অংশে থাকা পিন করা মেসেজ থেকেই সহজে তথ্য দেখে নিতে পারবেন সদস্যরা।
নতুন সদস্যদের সঙ্গে শেয়ার করা যাবে পুরোনো চ্যাট
কোনো গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে জানাতে বেশ ঝামেলা পোহাতে হয়। এবার এ সমস্যা কমাতে নতুন সদস্যদের সঙ্গে পুরোনো চ্যাটের সাম্প্রতিক ইতিহাস শেয়ার করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ।
গ্রুপের অ্যাডমিনরা নতুন সদস্যদের সঙ্গে আগের মেসেজ শেয়ার করতে পারবেন। এতে গ্রুপের আলোচনার বিষয়, সিদ্ধান্ত ও কাজের অগ্রগতি সম্পর্কে শুরু থেকেই ধারণা পাবেন নতুন সদস্যরা। এই মেসেজ আদান-প্রদানও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
আলাদা ফিল্টারে দেখা যাবে নিজের মেনশন করা মেসেজ
বড় গ্রুপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসায় কেউ মেনশন করলেও তা অনেক সময় চোখ এড়িয়ে যায়। নতুন মেনশন ফিল্টারের মাধ্যমে গ্রুপে যেসব মেসেজে কোনো সদস্যকে মেনশন বা ট্যাগ করা হয়েছে, সেগুলো আলাদা করে দেখা যাবে।
ফলে নিজের উদ্দেশে পাঠানো গুরুত্বপূর্ণ বার্তা, প্রশ্ন কিংবা কোনো নির্দেশনা সহজেই খুঁজে পাওয়া যাবে।
নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস
সাধারণ স্ট্যাটাসের পাশাপাশি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস শেয়ার করার সুবিধাও যুক্ত হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া যাবে।
সাধারণ স্ট্যাটাসের মতো গ্রুপে শেয়ার করা স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে কোনো মুহূর্ত বা আপডেট ভাগ করে নিতে আলাদা করে প্রত্যেককে মেসেজ পাঠানোর প্রয়োজন হবে না।
নতুন চারটি ফিচারের মাধ্যমে বড় গ্রুপের যোগাযোগ আরও সহজ ও গোছানো হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পুরোনো তথ্য খুঁজে পাওয়া, নতুন সদস্যদের আগের আলোচনার সঙ্গে পরিচিত করা এবং গুরুত্বপূর্ণ মেনশন নজরে রাখার ক্ষেত্রে সুবিধা পাবেন ব্যবহারকারীরা।