ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজের ও এমপির বিরুদ্ধে অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললেন বিএনপি নেতা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১৫ নভেম্বর ২০২৬
নিজের ও এমপির বিরুদ্ধে অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললেন বিএনপি নেতা
বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন করেন সাচড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন মোল্লা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চর রামকানাই ও চর সামছুদ্দিন এলাকায় কৃষকের জমি দখল এবং বিভিন্ন অনিয়মের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাচড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন মোল্লা।

শনিবার রাতে বোরহানউদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে মহিউদ্দিন মোল্লা বলেন, সম্প্রতি একটি মহল চর রামকানাই ও চর সামছুদ্দিন এলাকায় কৃষকের জমি দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একপক্ষীয় ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব ঘটনার সঙ্গে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম কিংবা তার দলের কোনো সম্পৃক্ততা নেই।

নিজের বিরুদ্ধে পরিষদের চাল আত্মসাৎ ও বয়স্ক ভাতার কার্ড বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

জমি নিয়ে বিরোধের বিষয়ে তিনি জানান, সাচড়া ও গঙ্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে দুই এলাকার লোকজন স্থানীয় সংসদ সদস্যের কাছে গেলে তিনি কোনো পক্ষ অবলম্বন না করে আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন। পরে এসিল্যান্ড সরেজমিনে জমি পরিমাপ ও কাগজপত্র যাচাই করে নিয়ম অনুযায়ী সমাধানের উদ্যোগ নেন।

মহিউদ্দিন মোল্লার দাবি, বর্তমানে কালু নামের এক ব্যক্তি ৩৫০ একর এবং তার সহযোগী জামাল ৩১৯ একর জমির মালিকানা দাবি করছেন। তবে তাদের দাবির বৈধতা সংশ্লিষ্ট প্রশাসন কাগজপত্র যাচাই করে নির্ধারণ করবে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এ ঘটনায় সংসদ সদস্যের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ওই এলাকার প্রকৃত জমির মালিকেরা তাদের নিজ নিজ জমি ভোগদখলে রয়েছেন। এ বিষয়ে শতাধিক প্রকৃত মালিকের সঙ্গে কথা বললেই প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন মোল্লা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সম্মানহানির উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব অভিযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!