ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

অ্যাপল কারপ্লেতে সরাসরি ব্যবহার করা যাবে গুগল জেমিনি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১৪ নভেম্বর ২০২৬
অ্যাপল কারপ্লেতে সরাসরি ব্যবহার করা যাবে গুগল জেমিনি
গুগল ম্যাপস অ্যাপের মাধ্যমে কারপ্লেতে জেমিনি ব্যবহারের সুযোগ ছিল। ছবি: সংগৃহীত

অ্যাপলের কারপ্লেতে সরাসরি ব্যবহারের সুযোগ চালু করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি। গত ১১ নভেম্বর থেকে সমর্থিত ভাষাগুলোতে জেমিনি লাইভের এ সুবিধা চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এর আগে গুগল ম্যাপস অ্যাপের মাধ্যমে কারপ্লেতে জেমিনি ব্যবহারের সুযোগ ছিল। নতুন সুবিধার ফলে কারপ্লের পর্দায় থাকা জেমিনি আইকনে চাপ দিয়েই সরাসরি চ্যাটবটটির সঙ্গে কথা বলা যাবে।

গুগল জানিয়েছে, গাড়িতে বসে আগের কথোপকথন চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কথোপকথনও শুরু করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির সাহায্যে যাত্রাপথে কোনো বৈঠকের প্রস্তুতি নেওয়া, ই-মেইল সম্পর্কে তথ্য জানা, দিনের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে শোনা কিংবা কাছাকাছি ঘোরার জায়গা সম্পর্কে পরামর্শ নেওয়া যাবে।

কারপ্লেতে জেমিনি ব্যবহারের জন্য আইফোনে জেমিনি অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকতে হবে। পাশাপাশি অ্যাপটির মাইক্রোফোন ব্যবহারের অনুমতিও চালু রাখতে হবে। এ সুবিধা ব্যবহারের আগে আইফোনে অন্তত একবার জেমিনি লাইভ চালু করতে হবে।

গুগল আরও জানিয়েছে, কারপ্লেতে জেমিনির সঙ্গে হওয়া কথোপকথন আইফোনের জেমিনি অ্যাপের সঙ্গে সমন্বিত হবে। এসব কথোপকথন ব্যবহারকারীর চ্যাট ইতিহাসেও সংরক্ষিত থাকবে।

কারপ্লেতে জেমিনি চালুর আগে অ্যান্ড্রয়েড অটোতে ব্যক্তিগত সহায়তা সুবিধা চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীর অন্যান্য গুগল অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক উত্তর দিতে পারে জেমিনি। গাড়িতে বিল্ট-ইন গুগল সুবিধা থাকা যানবাহনেও জেমিনির এ সুবিধা চালুর কাজ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

কারপ্লে অ্যাপলের তৈরি একটি প্রযুক্তি, যার মাধ্যমে আইফোন গাড়ির সঙ্গে যুক্ত করে ড্যাশবোর্ডের পর্দায় ফোন, বার্তা, মানচিত্র ও গানসহ বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। গাড়ি চালানোর সময় আইফোনের প্রয়োজনীয় সুবিধাগুলো সহজে ব্যবহারের সুযোগ দিতেই এ প্রযুক্তি তৈরি করা হয়েছে। নতুন সংযোজনের ফলে কারপ্লে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি ব্যবহারের সুযোগ তৈরি হলো।

সূত্র: এনগ্যাজেট

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!