ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১২, ১৫ নভেম্বর ২০২৬
মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন
ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি আগামী ১৯ জানুয়ারি বুয়েনস আইরেসের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে রিভার প্লেটের মুখোমুখি হতে যাচ্ছে। এই প্রীতি ম্যাচের সুবাদেই বর্ণিল ক্যারিয়ারে এই প্রথম নিজ দেশের মাটিতে কোনো ক্লাব ম্যাচের প্রতিযোগিতায় অংশ নেবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

গত অক্টোবর মাসে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার পর এবার ক্লাব জার্সিতে এই ভেন্যুতে ফিরছেন তিনি। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে খেললেও আর্জেন্টিনার কোনো ক্লাবের বিপক্ষে অফিশিয়াল ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে মেসির। এর আগে ২০০৯ ও ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপে এবং ২০১৮ সালের হুয়ান গাম্পের ট্রফিতে আর্জেন্টিনার ক্লাবগুলোর মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে নিজের দেশের মাটিতে ক্লাব ফুটবলে এটিই হবে তার প্রথম ম্যাচ।

মেসির নেতৃত্বে দক্ষিণ আমেরিকা সফরে ইন্টার মায়ামির সাথে যোগ দেবেন লুইস সুয়ারেস, রদ্রিগো দি পল, কাসেমিরো, নিকোলাস ওতামেন্দি ও থিয়াগো আলমাডার মতো বিশ্বমানের তারকারা। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির হয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মেসি। গত সেপ্টেম্বরে ক্লাব ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি রেকর্ড টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট (২৬টি গোল) জয় করেন এই মহাতারকা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!