ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কিংবদন্তিকে বিদায় জানাতে পর্তুগালের ব্যতিক্রমী আয়োজন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৩, ১৪ নভেম্বর ২০২৬
কিংবদন্তিকে বিদায় জানাতে পর্তুগালের ব্যতিক্রমী আয়োজন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ব্যতিক্রমী আয়োজনে সম্মান জানাতে যাচ্ছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপ ও প্রি-ম্যাচ অনুষ্ঠানে দলের প্রত্যেক খেলোয়াড় রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরবেন।

আগামী শনিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। পর্তুগিজ ফুটবলে রোনালদোর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই বিশেষ আয়োজন করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, কোচ জর্জ জেসুস ও দলের সিনিয়র খেলোয়াড়দের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষেকের মধ্য দিয়ে শুরু হওয়া রোনালদোর বর্ণাঢ্য অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।

শুধু মাঠের খেলোয়াড়রাই নন, দর্শকরাও অংশ নেবেন শ্রদ্ধা নিবেদনের আয়োজনে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে রোনালদোকে সম্মান জানাবেন গ্যালারিতে থাকা দর্শকেরা। এ বিশেষ আয়োজনের জন্য উয়েফার অনুমতিও পেয়েছে আয়োজকরা।

এদিকে মাঠের বাইরেও রোনালদোর স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের প্রশিক্ষণকেন্দ্র ‘সিদাদে দো ফুতবল’-এর অ্যাথলেটিকস হাউজে রোনালদো সাধারণত যে কক্ষে থাকতেন, সেটি আপাতত খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দল থেকে তার বিদায়ের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে তার অনুপস্থিতির প্রতীকী স্মারক হিসেবে কক্ষটি ফাঁকা রাখা হবে।

রোনালদোর অনুপস্থিতিতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পর্তুগালকে। আক্রমণভাগে এখন বড় দায়িত্ব সামলাতে হবে ব্রুনো ফার্নান্দেস ও বার্নার্দো সিলভাকে। রোনালদোর অনুপস্থিতি দলের কৌশলগত পরিকল্পনাতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!