বিয়ের খাবার খেয়ে হাসপাতালে অর্ধশতাধিক, একজনের মৃত্যু
কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিরণ মিয়া বড়কান্দা গ্রামের বাসিন্দা ও পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের এক বাসিন্দার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে একে একে অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অসুস্থদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কনেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্বামীও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।
একই গ্রামের রুবেল মিয়া (৩৫) জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর একে একে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
রুবেল মিয়ার ধারণা, অসুস্থ ব্যক্তির সংখ্যা ৬০ জনের বেশি। তাঁদের অনেকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও অসুস্থ ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।