নোয়াখালীতে মনা হত্যাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
নোয়াখালীর বেগমগঞ্জে শহিদুল ইসলাম মনা (২১) হত্যার ঘটনায় জড়িত আসামিদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে তার পরিবার। একই সঙ্গে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনেরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার নাদু মহুরী বাড়িতে নিহত মনার কবরের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মনার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় তার ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুনও আহত হন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহতের বড় ভাই আব্দুল জলিল, আহত ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুন, ভাই ইমরান হোসেন শুভ, জেঠাতো বোন নুসরাত জাহান মুনতা রাইসা ও মামাতো বোন রুপা আক্তার।
বক্তারা অভিযোগ করেন, আবুল হোসেন, জসিম, ফুয়াদ, রিমন, কাশেম ও স্বপনসহ একদল ব্যক্তি পরিকল্পিতভাবে মনার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হননি বলে দাবি করেন তারা।
তারা জানান, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত ১১ নভেম্বর চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ করেন এলাকাবাসী। ওই সময় বিক্ষোভকারীদের কর্মসূচি থেকে সরে আসতে পুলিশ ৯৬ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময় পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা হতাশ।
পরিবারের সদস্যদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে আসামিরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তারা।
সংবাদ সম্মেলন থেকে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও এসআরবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।