ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৪ নভেম্বর ২০২৬
বাবাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে গ্রেপ্তার
লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি ছেলে খায়রুল গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় বাবা আফসার শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছেলে খায়রুল শেখকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেপ্তার খায়রুল শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত আফসার শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে বাবা আফসার শেখকে (৬৭) কুপিয়ে হত্যা করে খায়রুল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শামীম শেখ বাদী হয়ে ৭ নভেম্বর ছোট ভাই খায়রুল শেখ, তার স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।

ওসি আরও জানান, মামলা দায়েরের পরপরই এজাহারভুক্ত আসামি জুঁই বেগম ও আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে পলাতক প্রধান আসামি খায়রুলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল পুলিশ। শনিবার বিকেলে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!