ভাঙ্গুড়ায় বাড়ছে হামের রোগী, ১৫ দিনে আক্রান্ত ১১ জন
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত অক্টোবর মাসে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ জন। তবে চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। একই সঙ্গে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপও অব্যাহত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন বয়স্ক পুরুষ ও ৩ জন নারী ছিলেন। অন্যদিকে, চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ৩ জন শিশু, ৪ জন বয়স্ক পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।
এদিকে, হাম ছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ৩৭ জন। চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ভর্তি হয়েছেন আরও ২৪ জন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সাব্বির খান বলেন, হাম ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, শরীরে র্যাশ, মাথাব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের অসুস্থতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত রোগীদের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।