ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদরাসা থেকে নিখোঁজ, নবনির্মিত ঘরের পাশে মিলল শিশুর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ১৪ নভেম্বর ২০২৬
মাদরাসা থেকে নিখোঁজ, নবনির্মিত ঘরের পাশে মিলল শিশুর মরদেহ
নিহত শিশু তাইফা ইনহাম নুহা। ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছরের শিশু তাইফা ইনহাম নুহার রহস্যজনক মৃত্যুতে শোক ও ক্ষোভ বিরাজ করছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার পর পাশের একটি নবনির্মিত ঘরের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নুহাকে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

গত ৯ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেন সুমনের মেয়ে নুহা প্রতিদিনের মতো বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় যায়। সে পাশের সদর উপজেলার মহতাপুর তালিমুল কোরআন নুরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাদরাসায় টিফিনের বিরতিতে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে আবারও মাদরাসায় যায় নুহা। বাড়ি থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে সে। পরে মাদরাসা ছুটির পর ছোট বোনকে মাঠে দাঁড় করিয়ে ওয়াশরুমে যায় বড় ভাই ইয়াছিন আরাফাত। ফিরে এসে বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়িতেও খোঁজ নেওয়া হয়। তবে কোথাও নুহার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এর প্রায় ১০ মিনিট পর খবর আসে, মাদরাসার পাশেই জসিম উদ্দিনের একটি নবনির্মিত ঘরের পাশে পড়ে আছে নুহার নিথর দেহ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নুহার মা নাসরিন আক্তার ও বাবা ইকবাল হোসেন সুমনের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গিয়ে শুরুতে মামলা গ্রহণে গড়িমসির শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। নুহার মা-বাবা, দাদি, নানা, জেঠা ও বড় ভাইসহ স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে ঘটনার দিন মাদরাসায় নুহার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। মাদরাসার পরিচালক মাওলানা আহসান উল্লাহর ভাষ্য, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল নুহা। তবে বর্ধিত সময়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাকে ক্লাসে পাওয়া যায়নি। মাদরাসা ছুটির পরই তারা নুহার মৃত্যুর খবর পান। মাদরাসা কর্তৃপক্ষও ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

নুহার মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এ সময় মরদেহের অবস্থান এবং শিশুটির হাতের মুঠোয় চুল পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি হত্যার আলামত নষ্টের কোনো চেষ্টা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নুহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গোপনে ও প্রকাশ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

স্বজনদের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে সাত বছরের শিশু নুহার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!