ঢাকার বাসা থেকে চুরি করা স্বর্ণ ভোলায় বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ১
ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে এক ব্যক্তি স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন বলে গোপন তথ্য পায় ডিবি পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন মোহাম্মদ আলীর সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। এ ছাড়া ব্যাগে পাওয়া যায় নগদ ৫ লাখ টাকা, দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি ও একটি তামার ব্রেসলেট। স্বর্ণালংকারের বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামে এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন মোহাম্মদ আলী। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।