ত্রিশালে লটারিতে ১২০ নারী কর্মী নিয়োগ
ময়মনসিংহের ত্রিশালে সরকারি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১২০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের প্রকৃত দুস্থ ও যোগ্য নারীদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের সুপারিশ, তদবির বা অনিয়মের সুযোগ না রেখে সবার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ১২০ জন নারী কর্মী নির্বাচিত হন। এ প্রক্রিয়ায় প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে।
লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগী নারীরা। স্থানীয় সচেতন মহলও নিয়োগের এ উন্মুক্ত ও নিরপেক্ষ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের স্বচ্ছ উদ্যোগ সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।