ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের জানাজার পর মায়ের মৃত্যু, পাশাপাশি কবরে মা-ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৪ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার পর মায়ের মৃত্যু, পাশাপাশি কবরে মা-ছেলে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মা। ছেলের মরদেহ জানাজা শেষে বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ছেলেকে।

শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৫০) ও তার মা হাসিনা বেগম (৭২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে একটি দলীয় প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস ফকির। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে ইলিয়াসের মরদেহ পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। ছেলের মরদেহ বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন মা হাসিনা বেগম। স্বজনরা তাকে দ্রুত টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন হাসিনা বেগম।

মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইলিয়াস ফকিরকে এবং বিকেলে তার মা হাসিনা বেগমকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!