ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

পাশের দেশ থেকে উসকানিতে নাশকতা করছে আওয়ামী লীগ : রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ১৫ নভেম্বর ২০২৬
পাশের দেশ থেকে উসকানিতে নাশকতা করছে আওয়ামী লীগ : রিজভী
সংগৃহীত ছবি

শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতারা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। প্রতিদিনই এ ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান বিএনপির এই নেতা।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!