ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

‘সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নয়ন হতে হবে’: রাশেদ খাঁন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ১৫ নভেম্বর ২০২৬
‘সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নয়ন হতে হবে’: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

রাজাকার-আলবদরের সন্তানরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে—এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।’

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও দুর্বৃত্তদের প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের পরিবর্তে সহনশীলতার কথা বলছেন, তাদের অনেকে ভেতরে-ভেতরে আওয়ামী লীগের সমর্থক।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যার ঘটনা প্রমাণ করেছে, দলটি পরিবর্তিত হয়নি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, আওয়ামী লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগকে ‘স্টপ অ্যান্ড আ গন কেস’ উল্লেখ করে দলটির নেতাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও বলেন তিনি। পাশাপাশি দেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!