ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এআইয়ের নজরদারি ঠেকাতে সিগন্যালে স্ক্রিনশট বন্ধের উদ্যোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ২০ নভেম্বর ২০২৬
এআইয়ের নজরদারি ঠেকাতে সিগন্যালে স্ক্রিনশট বন্ধের উদ্যোগ
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত বার্তা এআই এজেন্টের মাধ্যমে পড়া ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। এ ব্যবস্থায় ব্যবহারকারীদের ফোনে স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করা হবে। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তার ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২০ নভেম্বর) সিগন্যাল জানায়, নতুন ব্যবস্থায় অ্যাপের বার্তাগুলোতে এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করা হবে। এ জন্য স্ক্রিনশট নেওয়া বন্ধ রাখার সেটিং চালু করা হচ্ছে, যা শুরু থেকেই ডিফল্টভাবে সক্রিয় থাকবে। কোনো এআই সহকারী বা অন্য কোনো প্রক্রিয়া স্ক্রিনের তথ্য সংগ্রহের চেষ্টা করলে ডিভাইসভেদে ব্যবহারকারীরা সতর্কবার্তা পাবেন। চাইলে তারা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন।

সিগন্যালের আশঙ্কা, অ্যাপলের সিরি এআই এবং গুগলের জেমিনি ইন্টেলিজেন্সের মতো অপারেটিং সিস্টেমে যুক্ত এআই প্রযুক্তি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এসব এআই এজেন্ট ব্যবহারকারীর স্ক্রিন দেখতে এবং বিভিন্ন অ্যাপে প্রবেশ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই প্রযুক্তির এমন বিস্তার তাদের গোপনীয়তা রক্ষার সক্ষমতার জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। এ পরিস্থিতিতে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের কাছে এআই সহকারীদের মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ বন্ধ করার কার্যকর ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছে সিগন্যাল। পাশাপাশি এসব এআই এজেন্ট কীভাবে তথ্য ব্যবহার করে, সে সম্পর্কেও স্বচ্ছতা চেয়েছে তারা।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে, মেটার ‘মিউজ’ এআই এজেন্ট অ্যাপলের কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ফোন থেকে সিগন্যালের বার্তা সংগ্রহ করতে পেরেছিল। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের দেওয়া অপারেটিং সিস্টেমের বিভিন্ন অনুমতি কাজে লাগানো হয়। ম্যাক কম্পিউটারে অ্যাক্সেসিবিলিটি ও স্ক্রিনশট সুবিধা ব্যবহার করে এআইটি সিগন্যালের কথোপকথনের ছবি নেয়, সেখান থেকে লেখা শনাক্ত করে এবং তা মিউজ অ্যাপে প্রদর্শন করে।

অ্যাপল চলতি সপ্তাহে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ওই নির্দিষ্ট পদ্ধতিটি বন্ধ করেছে। তবে নতুন কিছু অনুমতির মাধ্যমে এআই এজেন্টকে একই ধরনের সক্ষমতা দেওয়ার বিষয়টিও সামনে এসেছে।

সিগন্যালের মতে, এআই এজেন্টগুলো ব্যবহারকারীর হয়ে ই-মেইলের উত্তর দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং অনলাইনে কেনাকাটার মতো কাজ করতে পারলেও অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি করছে। তাই স্ক্রিনের তথ্য পড়া, নোটিফিকেশন দেখা ও ফাইল ব্যবস্থায় প্রবেশসহ এ ধরনের কার্যক্রম থেকে নিজেদের অ্যাপকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার সুযোগ ডেভেলপারদের দিতে হবে।

উল্লেখ্য, অলাভজনক প্রতিষ্ঠানের মালিকানাধীন সিগন্যাল ব্যবহারকারীদের বার্তার নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব সার্ভার থেকেও ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন পড়া সম্ভব নয়। তবে এআই এজেন্ট স্ক্রিন থেকে বার্তা সংগ্রহ করলে সেই সুরক্ষা দুর্বল হয়ে পড়তে পারে।

সূত্র: রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!