ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

এনসিপি নেতার বাড়ির প্রবেশগেটে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ২০ নভেম্বর ২০২৬
এনসিপি নেতার বাড়ির প্রবেশগেটে পেট্রোল বোমা নিক্ষেপ
এনসিপি নেতা মাহিন সরকার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় ছিলেন। বাড়িতে তার অসুস্থ বাবা ও মা অবস্থান করছিলেন।

মাহিন সরকার বলেন, বাড়ির প্রবেশগেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন। বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হলেও সেটি দেয়ালে আঘাত করে প্রবেশগেটে পড়ে। এতে সেখানে আগুন ধরে যায়।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন মাহিন সরকার। তিনি বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।

তিনি আরও জানান, বিষয়টি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা বলেছেন।

বেলকুচি থানার ওসি মো. মুক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!