ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
৩৬ ঘণ্টা পর সচল মহাসড়ক, স্বাভাবিক গোপালগঞ্জের জনজীবন
লকডাউন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। খুলেছে হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান। অভ্যন্তরীণ সড়কেও ফিরেছে যানবাহনের স্বাভাবিক চলাচল। সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কোটালীপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল করছে। একই সঙ্গে ঢাকা থেকেও গোপালগঞ্জের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে আসছে।
পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কের কয়েকটি স্থানে এখনো গাছপালার ধ্বংসাবশেষ পড়ে আছে। সেগুলো পাশ কাটিয়ে যানবাহন চলাচল করছে।
এর আগে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকেরা দূরপাল্লার বাস চলাচল স্থগিত রাখেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
দোলা পরিবহনের বাগেরহাটগামী বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা গুলিস্তান কাউন্টারের ইনচার্জ বাঁধন বলেন, সকাল থেকেই কোটালীপাড়া থেকে ঢাকায় বাস আসছে। একই সঙ্গে ঢাকা থেকেও কোটালীপাড়ার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে।
এদিকে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। বৃহস্পতিবার উত্তেজনাকর পরিস্থিতির কারণে দোকানপাট বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকান খুলেছেন। বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। অভ্যন্তরীণ সড়কে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।
কোটালীপাড়ার ঘাঘর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, লকডাউনের কারণে বৃহস্পতিবার সব দোকানপাট বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে দোকান খুলেছেন তারা। বাজারে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।
প্রায় দেড় দিনের অচলাবস্থার পর মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল, বাজারে বেচাকেনা এবং অভ্যন্তরীণ যোগাযোগ স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।