ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২০ নভেম্বর ২০২৬
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থা
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে ধারাবাহিক হামলা চালিয়ে দেশটির সামরিক সরবরাহব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক হামলায় সেতুটির সড়ক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাদের কাছে জ্বালানি, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছানো আরও কঠিন হয়ে পড়তে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা রাশিয়ার সরবরাহব্যবস্থাকে দুর্বল করার কয়েক মাসের অভিযানের অংশ। সেতুটির সড়ক অংশ ধ্বংস হওয়ায় রাশিয়াকে বিকল্প স্থলপথের ওপর আরও বেশি নির্ভর করতে হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, এই হামলা এককভাবে যুদ্ধের গতিপথ বদলে দেবে না। বরং রাশিয়ার সামগ্রিক সরবরাহব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করবে।

আটলান্টিক কাউন্সিলের ভিজিটিং ফেলো জন হেলিন বলেন, ক্রিমিয়া সেতুর ক্ষতির চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়ার সামগ্রিক সরবরাহব্যবস্থার ওপর ইউক্রেনের ক্রমবর্ধমান চাপ। অন্যদিকে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির বিশেষজ্ঞ ফ্রাঞ্জ-স্টেফান গ্যাডি বলেন, সেতুটির কার্যক্রম আংশিক বন্ধ থাকায় রাশিয়াকে অধিকৃত দক্ষিণাঞ্চলের এম-১৪ মহাসড়ক দিয়ে বেশি সামরিক সরঞ্জাম পরিবহন করতে হতে পারে। এতে ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু বাড়বে।

গত গ্রীষ্ম থেকেই ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করা এবং রাশিয়ার সামরিক সরবরাহে বাধা সৃষ্টির লক্ষ্যে অভিযান জোরদার করেছে ইউক্রেন। উপদ্বীপটিতে জ্বালানি সরবরাহকারী ট্যাংকারে হামলার পাশাপাশি ক্রিমিয়ার জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে অধিকৃত দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এম-১৪ মহাসড়কেও হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, ১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপটির সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর সেতুটি নির্মাণ করা হয়। এর আগে ২০২২ সালে ট্রাকবোমা, ২০২৩ সালে সামুদ্রিক ড্রোন এবং ২০২৫ সালে পানির নিচে বিস্ফোরকের মাধ্যমে সেতুটিতে হামলা চালানো হয়েছিল।

চলতি সপ্তাহে সেতুটিতে হামলার পর বৃহস্পতিবার রেল অংশে যান চলাচলও বন্ধ রাখা হয়। এটি ছিল ওই সপ্তাহে সেতুটিতে ইউক্রেনের তৃতীয় হামলা। রেল অংশটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে রাশিয়ার সামরিক পণ্য পরিবহন পুরোপুরি বিকল্প স্থল করিডরের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।

ইউক্রেনের আজভ বাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, সাম্প্রতিক মাসগুলোতে তাদের বাহিনী সড়কপথের পাশাপাশি রেল যোগাযোগব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করছে। তার দাবি, তাদের নিয়ন্ত্রণাধীন অভিযানের এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ১০০টি রেল ইঞ্জিনে হামলা চালানো হয়েছে এবং ৬০০ টন জ্বালানি ধ্বংস করা হয়েছে। তবে রয়টার্স এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ইতোমধ্যে জ্বালানি ও গোলাবারুদের মতো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ক্রিমিয়া সেতুর পরিবর্তে স্থল করিডর দিয়ে পরিবহন করছে। তবে বিকল্প পথের ছোট সেতুগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে রাশিয়ার সরবরাহব্যবস্থায় আরও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ক্রিমিয়া সেতুটি শুধু বেসামরিক কাজে ব্যবহৃত হয়। হামলার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এর পরদিন শুক্রবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, ক্রিমিয়া সেতুতে হামলার ফলে রাশিয়ার সামরিক ও বেসামরিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়তে পারে। তবে ইউক্রেন একই সঙ্গে সেতুটি অচল রাখা এবং বিকল্প স্থল করিডরে হামলার চাপ বজায় রাখতে পারবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!