ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা
বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন পূর্বাভাস বলছে, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।
গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭টি অংশে প্রকাশিত প্রতিবেদনটিতে ২০১টি দেশ ও ভূখণ্ডের জনসংখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। গবেষণাটি তৈরি করেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২৩০ কোটি এবং মুসলিমদের ২০২ কোটি। ২০৩৫ সালে মুসলিমদের সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটি ছাড়াবে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা হবে ৩০০ কোটির কিছু কম।
গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, খ্রিষ্টানদের ৩০ শতাংশ। অন্যদিকে মুসলিম ও খ্রিষ্টান ছাড়া বাকি জনগোষ্ঠীর সম্মিলিত বৃদ্ধি হবে ১১ শতাংশ।
মুসলিমদের দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে তুলনামূলক কম বয়সী জনসংখ্যা ও উচ্চ জন্মহারকে চিহ্নিত করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ থেকে ২০২৫ সালের হিসাবে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, খ্রিষ্টান নারীদের ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের ১ দশমিক ৬। ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রভাবও রয়েছে, তবে জন্ম ও মৃত্যুর ব্যবধানের তুলনায় তা কম।
অঞ্চলভিত্তিক হিসাবেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে পিউ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০৪০ সালের মধ্যে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হতে পারেন। ২০৭০ সালে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৮০ কোটিতে। একই সময়ে আফ্রিকার সাহারা-দক্ষিণাঞ্চলে মুসলিমদের সংখ্যা ৩৬ কোটি ৯০ লাখ থেকে বেড়ে প্রায় ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। ইউরোপে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশেও ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ২০২০ সালে দেশের জনসংখ্যার ৯১ দশমিক ১ শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে এ হার বেড়ে ৯২ শতাংশ হতে পারে। হিন্দুদের অনুপাত ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে অনুপাত কমলেও তাঁদের মোট সংখ্যা বাড়বে। ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং হিন্দু জনগোষ্ঠীর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালে পাকিস্তান মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠতে পারে। ভারত থাকবে দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে। অন্যদিকে হিন্দুদের সবচেয়ে বেশি বসবাস থাকবে ভারতেই।