ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ১৯ নভেম্বর ২০২৬
রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর
ভোলায় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগ রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই দেশের সন্তান। আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে, আপনারা আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানাকে পুড়িয়ে দেওয়াসহ যে ধরনের আচরণ করেছেন এটা কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। কিন্তু আজকে আপনাদের আচরণের মাধ্যমে এটা তো মানুষের কল্যাণের রাজনীতি বুঝা যাচ্ছে না। এটা তো সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে দেখািছ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মায়া ঈমানের একটা অংশ। এ দেশের ভালো মন্দের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আমরা চাই এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আমরা সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবো। কিন্তু ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ, লোভ এগুলো দেশের কল্যাণের জন্য আমরা পরিহার করবো। বাংলাদেশে শতকরা ৯২জন মুসলমান বসবাস করে। ইসলামকে আমরা সামনে রেখে যদি দেশকে পরিচালনা করার চিন্তা করতে পারি, তাহলে ইতিহাস বলছে এই দেশের ভেতরে আবার স্বর্ণের যুগের মতো একটা পরিবেশ তৈরি হবে।

বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ নীতি নিয়ে দেশ পরিচালনা করেছিল তাদের সেই নীতি আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইসলাম বিদ্বেষী চক্ররা ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, আসলে বাস্তবে ইসলাম ভয়ের জিনিস না। ইতিহাস পড়ে দেখেন, ইসলাম এমন একটি আদর্শ যেই নীতি আদর্শ একটা পিপীলিকা পর্যন্ত তার স্বাধীনতা ও নিশ্চয়তা রয়েছে। ইসলাম এমন একটি আদর্শ, যেই নীতি আদর্শ যদি কেউ মেনে চলে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।

মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্বাধীন হলো ৫৫বছর চলছে। ৭১-এর প্রেক্ষাপটে আমরা ইতিহাস পড়লে দেখি, যে এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। সন্তান মা হারা এবং মা সন্তান হারা হয়েছিল। এতিম হয়েছিল অনেক সন্তানরা। লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমরা ভুল করেছি।

৭১-এর পরে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম যেই আশা আকাঙ্ক্ষা  নিয়ে কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে তাদের থেকে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো দূরের কথা, তারা অন্যদের তাঁবেদার হয়ে আমাদের দেশ পরিচালনার স্টিয়ারিং হাতে নিয়েছে। এরপর আমরা দেখলাম বিভিন্ন সময় যে অভ্যুত্থান হয়েছে বিশেষ করে ২০২৪-এর ৫ই আগস্ট হাজার হাজার যুবক, ছাত্ররা ও মেহনতী আমার ভাইয়েরা অকাতরে জীবন দিয়েছিল বৈষম্য দূর করার জন্য। দেশটা একটা স্বর্ণের দেশ তৈরি হবে। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় আবারও আমাদের দেশের মানুষ ভুল করেছি। আবার যাদেরকে আমরা স্টিয়ারিং-এর আসনে বসালাম তাদেরকে বসাবার পরে আমরা কি দেখলাম পুরানো বউকে আবার নতুনভাবে শাড়ি পরানোই আমরা বাংলাদেশের ভেতরে দেখলাম।

অনুষ্ঠিত যুব সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আল আমীন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম।

সম্মেলনে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আগামী ২০২৭-২৮ সালের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচএম হাবিবুল্লাহকে সহ-সভাপতি ও মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!