ভোলায় ডিবির বিরুদ্ধে একজনের অস্ত্র দিয়ে আরেকজনকে ফাঁসানোর অভিযোগ
ভোলার রাজাপুরে সাদ্দাম হোসেনের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র দিয়ে জমিজমা সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে আসা মো. নুরউদ্দিন কয়েলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নূরউদ্দিন কয়েলের পরিবার ও স্থানীয়রা।
রোববার সকালে ভোলার রাজাপুর ইউনিয়নের ঘোলপাড় এলাকায় নুরউদ্দিন কয়েলের পরিবার ও সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১১ নভেম্বর পশ্চিম ইলিশার পূর্ব কাজিরচর এলাকা থেকে কৃষ্ণ চন্দ্র পালের সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কিন্তু পরবর্তীতে কৃষ্ণ চন্দ্র পাল ও বিএনপির একটি সুবিধাবাদী চক্রের যোগসাজশে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে অর্থের বিনিময়ে সাদ্দামকে ছেড়ে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তাদের দাবি, সাদ্দামের কাছ থেকে উদ্ধার করা সেই অস্ত্র দিয়েই জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় আদালতে হাজিরা দিতে আসা মো. নুরউদ্দিন কয়েলকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রকৃত অস্ত্রধারীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ফাঁসানোর অভিযোগ তুলে ডিবি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন কৃষ্ণ চন্দ্র পাল। সরকার পরিবর্তনের পরও বিএনপির একটি সুবিধাবাদী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এ সময় কৃষ্ণ চন্দ্র পাল ও তার সহযোগী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত, নুরউদ্দিন কয়েলকে ফাঁসানোর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ভোলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, প্রভাব আর টাকার বিনিময় সাদ্দামকে ছেড়ে দেওয়া হয়েছে অভিযোগটি সত্য নয়। আর মামলার এজাহারে বিস্তারিত লেখা আছে নুরউদ্দিন কয়েলকে কেনো আটক করা হয়েছে।