ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু, আহত ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ১৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু, আহত ৫
চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড় (শহীদ হাসান চত্বর) এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা কছর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও একটি বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী কলমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!