সরিষার আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা পেলেন ১ হাজার ৪০০ কৃষক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ১ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুজ্জামান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল মুন্সি ও মো. মশিউর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখা সম্ভব।