ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীমান্তে থার্মাল ড্রোনে নজরদারি, ৪১০ কোটি টাকার পণ্য উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৬ নভেম্বর ২০২৬
সীমান্তে থার্মাল ড্রোনে নজরদারি, ৪১০ কোটি টাকার পণ্য উদ্ধার
সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্তে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা, টহল ও যৌথ অভিযান। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৪১০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮১০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৫৫ জনকে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আনোয়ারপুর এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা সেক্টরের অধীন চারটি ব্যাটালিয়ন প্রায় ৩২৭ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এসব এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জনবল বাড়ানোর পাশাপাশি নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহলের পাশাপাশি দিন ও রাতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। অপরাধী, মামলার পলাতক আসামি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকারীদের শনাক্ত ও প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথ অভিযানও চালানো হচ্ছে।

বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ফলে রাতের অন্ধকারেও সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা সহজ হচ্ছে।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান চক্রের তৎপরতা শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে, সীমান্ত এলাকার এমন বাড়িগুলোর ওপরও সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আটটি ম্যাগাজিনসহ চারটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, বিদেশি মদ, ইস্কাফ, গাঁজা ও বিয়ার। এ ছাড়া প্রায় ৩৬৬ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮১০ টাকা। এসব ঘটনায় আটক ১৫৫ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!