ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন

গোপালগঞ্জে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: ডিআইজি
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, গোপালগঞ্জে পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা ও চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকালের সহিংসতার ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ঘটনার সঙ্গে জড়িত। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। জনজীবন স্বাভাবিক করা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পুলিশ।

আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ডিআইজি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েনের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।

এদিকে, রোববার দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনার পর সোমবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকেই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। শহরে এসআরবি সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

এর আগে রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!