ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ১৬ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক

দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা অংশ নেন। তারা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান।

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। সেই সঙ্গে ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।

ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই বললেই চলে। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক দায় তৈরি হবে না। পরবর্তী সময়ে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারে। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন।

দলটির সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতি তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। তার দাবি, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!