গোবর থেকে গ্যাস, উচ্ছিষ্ট থেকে সার; বদলে গেছে আনসারুলের সংসার
একসময় সংসারের রান্নার জ্বালানি কিনতে প্রতি মাসে খরচ হতো দুই থেকে তিন হাজার টাকা। ফসলের মাঠে ভালো ফলনের আশায় কিনতে হতো হাজার হাজার টাকার রাসায়নিক সার। গরুর খামার থেকে প্রতিদিন পাওয়া গোবরও ছিল বাড়তি ঝামেলা। কিন্তু সেই গোবরই এখন বদলে দিয়েছে কৃষক আনসারুল হকের জীবনযাত্রা। গরুর বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে রান্নার গ্যাস, আর একই প্রক্রিয়ায় পাওয়া জৈব সার ব্যবহার করছেন ফসলের জমিতে। এতে একদিকে কমেছে সংসারের জ্বালানি খরচ, অন্যদিকে সাশ্রয় হচ্ছে কৃষি উৎপাদনের ব্যয়।
পরিবেশবান্ধব এই উদ্যোগের সুফল পেয়ে বেশ খুশি আনসারুল। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন আশপাশের কৃষক ও স্থানীয় বাসিন্দারা। অনেকে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, কেউ কেউ নিজের বাড়িতেও এমন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছেন।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের কৃষক আনসারুল হক গবাদিপশুর বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যেভাবে গোবর থেকে গ্যাস ও সার তৈরি
সরেজমিনে দেখা যায়, বসতঘরের পাশেই আনসারুলের গরুর খামার। সেখানে রয়েছে সাতটি দেশি গরু। খামারের পাশেই স্থাপন করেছেন ১৬০ ঘনফুটের একটি বায়োগ্যাস প্ল্যান্ট। পাইপলাইনের মাধ্যমে ওই প্ল্যান্ট থেকে গ্যাস পৌঁছে যাচ্ছে বাড়ির রান্নাঘরে। আর প্ল্যান্ট থেকে নির্গত গোবরের উচ্ছিষ্ট ড্রেনের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে ফসলের জমিতে। সেখানে তা জৈব সার হিসেবে ব্যবহার করছেন তিনি।
প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে খামার পরিষ্কার করে সংগ্রহ করা গোবর প্ল্যান্টে দেন আনসারুল। নিজের খামারের কাজ নিজেই করেন। মাঝেমধ্যে স্ত্রী ফেরদৌস বেগমও তাঁকে সহযোগিতা করেন।
প্রশিক্ষণ নিয়ে গড়েছেন বায়োগ্যাস প্ল্যান্ট
কৃষক আনসারুল হক জানান, দীর্ঘদিন ধরে গরু পালন ও ধান-সবজি চাষ করে সংসার চালাচ্ছেন তিনি। খামারের গরুর দুধ বিক্রির পাশাপাশি প্রতিবছর কোরবানির ঈদে গরু বিক্রি করেন। কিন্তু আগে গরুর গোবর প্রতিদিন পরিষ্কার করে ফেলে দিতে হতো। গোবর থেকে যে রান্নার গ্যাস ও জৈব সার তৈরি করা যায়, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না।
তাই সংসারের রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলার জ্বালানি কিনতে হতো। এতে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা খরচ হতো। অন্যদিকে, জমিতে ফসল ফলাতে কিনতে হতো রাসায়নিক সার। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে।

একপর্যায়ে জ্বালানি ও কৃষি উৎপাদন খরচ কমানোর উপায় খুঁজতে থাকেন তিনি। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে গরুর গোবর দিয়ে বায়োগ্যাস ও জৈব সার তৈরির বিষয়টি জানতে পারেন। পরে তাঁর পরামর্শে যোগাযোগ করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে। সেখানে চলতি বছরের শুরুর দিকে সাত দিনের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন এবং প্ল্যান্টের উচ্ছিষ্ট দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি সম্পর্কে ধারণা পান।
প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি বাড়ির আঙিনায় স্থাপন করেন বায়োগ্যাস প্ল্যান্টটি। এরপর থেকেই বদলে যেতে শুরু করে তার সংসার ও কৃষিকাজের চিত্র।
আনসারুল বলেন, এখন রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার কিংবা লাকড়ি কিনতে হয় না। প্রতি মাসে অন্তত দুই থেকে তিন হাজার টাকা সাশ্রয় হচ্ছে। প্ল্যান্ট থেকে পাওয়া গোবরের উচ্ছিষ্ট জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করছি। এতে ফসলের ফলনও ভালো হচ্ছে। রাসায়নিক সার কেনার খরচও অনেক কমে গেছে। সব মিলিয়ে সংসার ও কৃষিকাজে এখন অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি।
ধোঁয়ামুক্ত রান্নাঘরে স্বস্তি ফিরেছে স্ত্রীর
আনসারুলের স্ত্রী ফেরদৌস বেগম জানান, আগে মাটির চুলায় রান্না করতে গিয়ে ধোঁয়ায় চোখ জ্বলত, কাশিও হতো। পাশাপাশি গ্যাসের সিলিন্ডার কেনার খরচও ছিল সংসারের বাড়তি চাপ। এখন গরুর গোবর থেকেই রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আগে দুই হাজার টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতেও কষ্ট হতো। মাটির চুলার ধোঁয়ায় রান্না করাও ছিল কষ্টের। এখন গ্যাসের চুলায় বোতাম চাপলেই রান্না হয়। ঘরও পরিষ্কার থাকে। যখন ইচ্ছা রান্না করতে পারি। সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তাও নেই। এই বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের সংসারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।
আগ্রহী হচ্ছেন আশপাশের কৃষকরাও
আনসারুলের উদ্যোগ দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয় কৃষকরাও। তাদেরই একজন কৃষক মো. মফিজল। তিনি বলেন, আনসারুল হকের বায়োগ্যাস প্ল্যান্টের কথা শুনে দেখতে এসেছি। তাঁর কাছ থেকে বিস্তারিত পরামর্শও নিয়েছি। আমিও এমন একটি প্ল্যান্ট তৈরি করতে চাই। এ জন্য প্রশিক্ষণ নিতে যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করব। বর্তমানে গ্যাসের সিলিন্ডার ও সারের দাম অনেক বেশি। এই প্ল্যান্ট স্থাপন করতে পারলে একদিকে রান্নার গ্যাস পাব, অন্যদিকে জমিতে ব্যবহার করতে পারব জৈব সার। এতে দুই দিকেই খরচ কমবে।
আরেক কৃষক আব্দুল জলিল বলেন, আনসারুল হকের এই উদ্যোগ আমাদের ইউনিয়নের জন্য একটি দৃষ্টান্ত। গরুর গোবর ফেলে না দিয়ে তা থেকে বায়োগ্যাস তৈরি করা এবং উচ্ছিষ্ট জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা সম্ভব। এতে কৃষকদের অনেক টাকা সাশ্রয় হবে। আমরাও এমন উদ্যোগ নিতে চাই।
প্রকল্পের সহায়তায় স্থাপন ১৬০ ঘনফুটের প্ল্যান্ট
তজুমদ্দিন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট পেজ-৩ প্রকল্পের সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন দারিদ্র্য বিমোচন ও কমিউনিটি প্রশিক্ষণের জন্য সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় আনসারুল হকের বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। এর ধারণক্ষমতা ১৬০ ঘনফুট।
গবাদিপশুর বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ শুধু আনসারুল হকের পরিবারের খরচই কমাচ্ছে না, বরং স্থানীয় কৃষকদের জন্যও তৈরি করছে নতুন সম্ভাবনা। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এমন উদ্যোগ গ্রামীণ পরিবারে জ্বালানি সাশ্রয়, জৈব সার উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।