সাগরে সৃষ্টি হচ্ছে ‘ঘূর্ণিঝড় আকভান’, গতিপথ কোন দিকে?
আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোনো স্থানের উপকূলের ওপর দিয়ে স্থল ভাগে আঘাত হানতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ২ মিনিটে নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গত ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে সোমবার গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে। এ গভীর নিম্নচাপটি আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘আকভান’।
মোস্তফা কামাল পলাশ জানান, সোমবার আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর কারণে পুরো বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশে আমন ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠে পাকা আমন ধান রয়েছে। একই সঙ্গে কৃষকরা আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষ শুরু করেছেন। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। তবে এখনো কৃষকদের হাতে আজকেসহ আরও ২ দিন সময় রয়েছে। আগামী ২ দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সম্ভাব্য এ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
আমন ধান সংগ্রহ: যেসব এলাকায় আমন ধান ইতোমধ্যে পেকে গেছে এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, সেসব এলাকার কৃষকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া।
সেচ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত: আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষিদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় জমিতে কৃত্রিম সেচ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
সমুদ্রে মাছ ধরারত সব জেলেদের (বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগীয়) মঙ্গলবারের (১৭ নভেম্বর) মধ্যে উপকূলে ফেরত আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে। ওইদিন থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে।
বুধবার খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। ফলে উপকূলীয় এলাকার শুঁটকি ব্যবসায়ীদের সোমবারের মধ্যে সব শুঁটকি বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।