নড়াইলে ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা
নড়াইলের লোহাগড়ায় ৪০ ইয়াবাসহ আলামিন সর্দার (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নড়াইল কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্ত আলামিন সর্দার লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের সর্দার মনিরুজ্জামানের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চর-মল্লিকপুর গ্রামে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি নড়াইলের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীন আহমেদ। এ সময় আলামিনের কাছ থেকে ৪০ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীন আহমেদ বাদী হয়ে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়। আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলামিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করা হয়।
ডিএনসি নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।