ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিটকয়েন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ২১ নভেম্বর ২০২৬
দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিটকয়েন
ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলোর অতিরিক্ত মূল্যায়ন নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে আসছেন। এর প্রভাবেই শুক্রবার (২০ নভেম্বর) বিটকয়েনের দামে বড় ধরনের পতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়ায়। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই ক্রিপ্টোকারেন্সিটির সর্বনিম্ন দাম।

এর আগে একপর্যায়ে বিটকয়েনের দাম ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নেমে যায়, যা আগের অবস্থানের তুলনায় ৩ দশমিক ৫৭ শতাংশ কম। শুক্রবারই প্রথমবারের মতো চলতি দরপতনে বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচে নামে। গত জুলাইয়ের পর এই প্রথম ক্রিপ্টোকারেন্সিটির দাম এ সীমার নিচে নেমেছে।

সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোবাজারে অস্থিরতা বেড়েছে। এআই অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগের লাভজনকতা নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ঋণের ব্যয় বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নিয়ন্ত্রক ঝুঁকির আশঙ্কা এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিদায়ের খবরও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোতেও বড় পতনের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এবারই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে সূচকগুলো। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্কনীতির কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!