ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে বদলাচ্ছে প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ২১ নভেম্বর ২০২৬
ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে বদলাচ্ছে প্রক্রিয়া
সংগৃহীত ছবি

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া সহজ করতে বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি বিসিকের মাধ্যমে জামানতবিহীন ঋণের পরিমাণ ও পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা ভালো হলেও আপাতত সরকারের লক্ষ্য হলো তাদের ঋণ পাওয়ার পথ সহজ করা। কারণ, ব্যাংকের প্রচলিত শর্ত পূরণ করা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে কঠিন। বিশেষ করে ছয়, আট বা ১২ লাখ টাকার ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও জামানত সংগ্রহ করতে গিয়ে তারা সমস্যায় পড়েন।

নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন ব্যবসার ধারণা ব্যাংকঋণের উপযোগী, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয় এবং বাকি ১০ লাখ টাকা ফেরত দিতে হয়। এ কর্মসূচির নাম ‘উদ্যোগ’।

বিসিকের ঋণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ৫১ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। স্থানীয় কার্যালয়গুলো পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। আগামী দিনে জামানতবিহীন ঋণের পরিমাণ ও ঋণ দেওয়ার ক্ষমতা আরও বাড়ানো হবে।

এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমে পরিবর্তন আনার বিষয়ে মন্ত্রী বলেন, উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার উপযোগী করে তুলতে ঋণপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন। এ লক্ষ্যেই ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হচ্ছে। ইতোমধ্যে বেসরকারি খাত থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানুয়ারির শুরুতে দায়িত্ব নেবেন। এ খাতের উদ্যোক্তাদের বিকাশে আরও কিছু পরিবর্তন আনা হবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের মান সনদ পেতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে থাকা জটিলতা দূর করার আশ্বাসও দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে গিয়ে এ বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয়ের সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। সনদের ফি নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে। ভবিষ্যতে এ প্রক্রিয়া সহজ করা হবে।

বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পিছিয়ে পড়ার কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, বড় প্রতিষ্ঠানের পুঁজি বেশি থাকায় উৎপাদন খরচ কমানোর সুযোগও বেশি। তাদের উৎপাদনশীলতা ও নগদ অর্থের সক্ষমতা বেশি এবং ঋণের ওপর নির্ভরশীলতা কম। ফলে প্রতিযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তারা পিছিয়ে পড়েন।

তিনি বলেন, বর্তমানে বাজারে প্রচলিত ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর্মসূচিতে ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে তাদের উৎপাদনে আরও প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়া যায়, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশন সুপারিশ করবে। সেই অনুযায়ী সরকার কর্মসূচি নেবে।

জিডিপিতে এসএমইর অবদান ৫০-৬০ শতাংশে নেওয়ার লক্ষ্য

শিল্পমন্ত্রী বলেন, দেশের জিডিপিতে সিএমএসএমই খাতের বর্তমান অবদান নিয়ে সরকার সন্তুষ্ট নয়। অর্থনীতিতে আয়বৈষম্য কমানো ও সম্পদের সুষম প্রবাহ নিশ্চিত করতে এ খাতের অবদান অন্তত ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য থাকা উচিত। এ খাতের উদ্যোক্তারা বেশি সক্রিয় হলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকার ঋণ কর্মসূচি চালু করা হয়েছিল। পরে তা দুই হাজার কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। গত বাজেটে এ কর্মসূচির বরাদ্দ দুই হাজার কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ ও নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদের কয়েকটি ঋণ কর্মসূচি চালু করেছে।

সিএমএসএমই খাতের বিকাশে বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা চলছে। এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়ানো হবে।

সরকারি কারখানায় পিপিপি মডেলে আসবে বেসরকারি বিনিয়োগ

শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারি শিল্পকারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ আহ্বানের পরিকল্পনার কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সার কারখানা বাদে মন্ত্রণালয়ের অধীন অন্যান্য শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আনা হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল অনুসরণ করা হবে।

মন্ত্রী বলেন, এর অর্থ এই নয় যে সব ক্ষেত্রে সরকারের মালিকানা ছেড়ে দেওয়া হবে। কোনো কারখানা দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি আয় ভাগাভাগি এবং কোনোটি মুনাফা ভাগাভাগির ভিত্তিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এতে সরকারি মালিকানা বজায় রেখেই বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ জনগণের সম্পদ। তাই এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ জন্য দরপত্র, মূল্যায়ন, কারিগরি ও আর্থিক সমীক্ষাসহ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দরপত্র আহ্বানের পর একটি কারখানা বেসরকারি উদ্যোক্তার কাছে হস্তান্তর করতে সাড়ে পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। এ সংক্রান্ত নথিপত্র তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। আগামী বছরের শুরু থেকে এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২২ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!