ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাজেকে পিসিজেএসএসের গোলাগুলি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২১ নভেম্বর ২০২৬
সাজেকে পিসিজেএসএসের গোলাগুলি
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়।

তবে পিসিজেএসএসের দায়িত্বশীল একটি সূত্র গোলাগুলির ঘটনা অস্বীকার করেছে। তাদের দাবি, সাজেক এলাকায় কোথাও গোলাগুলির খবর তারা পায়নি এবং মাচালং এলাকায় তাদের কোনো দলও নেই। এ ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/রাঙ্গামাটি/এমকে/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!