ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২১ নভেম্বর ২০২৬
নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন সৌরভ (২৭), জান্নাতুল (৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মনোহরদী থেকে ইটাখোলাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিনারা বেগম নিহত হন।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক, অটোরিকশা ও মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!