ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান উল্লেখ করে একজন সন্তান হিসেবে মায়ের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

একই অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, চেইন অব কমান্ড বজায় রাখা এবং ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকরের ঘোষণাও দেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মায়ের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।

তিনি বলেন, দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জীবনের গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, এটিও বাহিনীর জন্য গর্বের বিষয়।

সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে এ বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে পাহাড় থেকে সমতল পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অনন্য।

বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!