ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় টাইব্রেকারে নিউ বোয়ালমারী সোনালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দহপাড়া ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে ১-১ গোলে সমতা বজায় রাখলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় নিশ্চিত করে দহপাড়া একাদশ এবং রানার্সআপ হওয়ার সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে নিউ বোয়ালমারী সোনালী সংঘ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জাফর ইকবাল হীরক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন এবং মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ। পুরো আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়াচর্চায় দারুণভাবে উৎসাহিত করবে।