ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজধানীতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তরে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
নাশকতা রোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
নিয়াজ মেহেদী বলেন, কিছু সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।
ডিএমপির এই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।
নিয়াজ মেহেদী আরও জানান, বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য আছেন।