ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১৮ নভেম্বর ২০২৬
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। পরে গ্রেপ্তার ব্যক্তিদের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে ২ হাজার ৬৮ ইয়াবা এবং মাদক বিক্রির ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকার মনু বেপারীর ঢালসংলগ্ন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একই এলাকার নজরগঞ্জে এক ব্যক্তির বাসায় অভিযান চালানো হয়।

এসআরবি-১০-এর সদর কোম্পানির আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাফর ইসলাম (৩৩), আউলাদ হোসেন (৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫), আরমান হোসেন সনি (২৫) ও ফরহাদ হোসেন (৩২)। তারা সবাই কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে চারটি ছুরি, ইলেকট্রিক শক দেওয়ার একটি যন্ত্র, পিস্তলসদৃশ দুটি লাইটার, অন্যান্য দেশীয় অস্ত্র এবং নয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জাফর ইসলাম মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নজরগঞ্জ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৮ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া মাদক কেনাবেচার নগদ ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

সংস্থাটির দাবি, জাফর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত।

উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!