ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে পেট্রোল বোমা নিক্ষেপ, নিষিদ্ধ সংগঠনের পাঁচজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৮ নভেম্বর ২০২৬
কালিয়াকৈরে পেট্রোল বোমা নিক্ষেপ, নিষিদ্ধ সংগঠনের পাঁচজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) এবং ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সফিপুরে ইবনে সিনা কারখানা-সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালান নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদ্‌ঘাটনে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!