ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা
সংগৃহীত ছবি

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা অনেক কারখানা বুধবার (১৮ নভেম্বর) আবারও উৎপাদন শুরু করেছে। গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এ তথ্য জানা গেছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দিনভর ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার, শিরিরচালা, ১ নম্বর সিএনবি বাজার, আসপাডা মোড় ও ২ নম্বর সিএনবি বাজার এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুরের পর ১ নম্বর সিএনবি বাজার, আসপাডা মোড় ও ২ নম্বর সিএনবি বাজার এলাকায় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় আজ উৎপাদন চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!