ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
এনআইডি সেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে ছাড় নয়: সিইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পরামর্শ চান তিনি। নাগরিকরা যাতে নির্বিঘ্নে এনআইডি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি যথাযথভাবে গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আবেদনকারীরা তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি সঠিক নিয়মে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।