ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
আখাউড়ায় জ্বরের প্রকোপ বৃদ্ধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন মৌসুমি রোগের প্রকোপ। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ভোরে কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় থাকছে রোদের উষ্ণতা। সন্ধ্যার পর আবার বাড়ছে শীতের অনুভূতি। দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠানামায় শিশু, নারী ও বয়স্কদের মধ্যে জ্বরসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বহির্বিভাগে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিদিন গড়ে আড়াই শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসছেন। তাঁদের মধ্যে অধিকাংশই জ্বরে আক্রান্ত। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি। চিকিৎসকের পরামর্শ নিতে অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদেরও ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গৃহিণী লিমা আক্তার বলেন, তাঁর ১২ বছর বয়সী মেয়ে তানিয়া আক্তার গত তিন দিন ধরে জ্বরে ভুগছে। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর ভাইরাসজনিত জ্বর বলে জানিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।
গৃহিণী মরিয়ম বেগম বলেন, গত পাঁচ দিন ধরে আমি জ্বরে ভুগছি। সেই সঙ্গে রয়েছে শরীরব্যথা ও হালকা কাশি। ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার পর দিনের বেলায় জ্বর কিছুটা কমলেও রাতে আবার বেড়ে যায়। এ কারণে হাসপাতালে এসে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষার রির্পোট দেখে ওষধ লিখে দিয়েছেন। এখন যদি আল্লাহ রহমত করে।
আব্দুর রাজ্জাক মিয়া ডেইলি বাংলাদেশকে বলেন, তাঁর সাত বছর বয়সী মেয়ে আফরোজা আক্তার গতকাল জ্বরে আক্রান্ত হয়। কয়েকবার বমি করার পর সে বেশ দুর্বল হয়ে পড়েছে। কিছু খেতেও পারছে না। তাই হাসপাতালে নিয়ে এসেছি।
মতিন মিয়া জানান, তাঁর সাত বছর বয়সী ছেলে নয়ন গত দুই দিন ধরে জ্বরে আক্রান্ত। ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমছে না। শরীর দুর্বল হয়ে পড়েছে, খেতেও চাইছে না। হাসপাতালে এসে চিকিৎসক দেখাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এখন ছেলে সুস্থ হয়ে উঠলেই আমরা খুশি।
গৃহিণী মর্জিনা বেগম বলেন, গত দুই দিন ধরে আমার ৫ বছর বয়সী মেয়ে ফারিয়া আক্তার বিথী জ¦রে আক্রান্ত হয়। সেইসাথে শরীরে কিছু এলার্জি ও রয়েছে। জ¦র ও এলার্জি থাকায় সে খুবই কষ্ট করছে। কোন কিছু খেতে পারছে না। ঘুম ও কম হচ্ছে। প্রাথমিক ভাবে স্থানীয় ফার্মেসি থেকে ঔষধ খাওয়ানো হলে কোন উন্নত না হওয়ায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক দেখে তাকে কয়েকটি পরীক্ষা দেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হিমেল খান বলেন, কয়েক দিন ধরে দিনে গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করায় বিভিন্ন ধরনের মৌসুমি রোগের প্রকোপ দেখা দিয়েছে। সকাল থেকেই হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন গড়ে আড়াই শতাধিক বিভিন্ন বয়সী রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অধিকাংশই জ্বরে আক্রান্ত। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিতে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চিকিৎসাসেবা প্রদানে কোনো গাফিলতি নেই।