ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের চারজন গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৮ নভেম্বর ২০২৬
ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের চারজন গ্রেপ্তার
গ্রেফতার আওয়ামীলীগের চারজন। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর এবং সাম্প্রতিক সময়ে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যুবলীগ নেতা মো. বাবুল মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ভৈরব থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি মধ্যপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার ছেলে এবং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদলুজ্জামান ভূঁইয়া (৪৫), শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে এবং শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫), পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বাবুল মিয়া (৪৮) ও একই এলাকার মুন্সিবাড়ির ভাড়াটিয়া ইদ্রিস মিয়ার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক রিয়াদ মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর এবং সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া যুবলীগ নেতা বাবুল মিয়ার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ক এবং ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাতেও তাঁদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর যুবলীগ নেতা বাবুল মিয়াকে থানা হাজতে রাখা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার অপর তিনজনসহ বাকি আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!