ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুর সীমান্তে পাসপোর্ট ছাড়াই অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে পাসপোর্ট ছাড়াই অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রিজসংলগ্ন শান্তির মোড় এলাকায় অভিযান চালানো হয়। ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মো. মিনারুন (১৯), দেবীনগর গ্রামের মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. আব্দুল করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের মো. ইউসুফ মিয়া (২১), দেয়ারমানিকচর গ্রামের মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের মো. আল আমীন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মো. আব্দুল্লাহ (২৫) ও মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. মেসবাউল (২০)।

ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটক ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!